সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন এলাকা থেকে সৈয়দ তানভীর আহমেদ (৩০) নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। তার পূর্বের বাড়ি জুড়ী উপজেলায় হলেও বর্তমানে তিনি শ্রীমঙ্গলে বসবাস করছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, এমপি এম নাসের রহমানের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি চক্র এআই প্রযুক্তির সাহায্যে তার ছবি ব্যবহার করে ওই অশ্লীল ভিডিও তৈরি করে। এরপর তা বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়।
বাদীর দাবি, এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ ভুয়াভাবে অন্য একজনের শরীরের সঙ্গে এমপি নাসের রহমানের মুখমণ্ডল যুক্ত করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এই ঘটনায় গত ২ আগস্ট মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাইবার মামলা দায়ের করেন জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক। মামলায় ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানিয়েছেন, মামলাটির তদন্তভার বর্তমানে ডিবি পুলিশের হাতে রয়েছে। ডিজিটাল আলামত সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের কাজ চলমান রয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বার্তা নিউজ/পিআরএএন








.webp)





