এই গ্রামের সবচেয়ে উঁচু যে গির্জার মিনার ছুঁয়ে রোজ সূর্য ডুবতো এখানে সেই গির্জাটি এখন পুরোপুরি দেবে গেছে কপার বর্জ্যে। অপরিকল্পিত শিল্পায়ন যে একটি সমৃদ্ধ সভ্যতা, সমৃদ্ধ গ্রামকে নিশ্চিহ্ন করে দিতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ গিয়েমানা গ্রাম।
১৯৭৭ সালের আগে সব কিছুই ঠিকঠাকই ছিলো এখানের। ধ্বংসের শুরুটা হয় ১৯৭৭ সালে। রোমানিয়ায় তখন শাসন চলছিল সমাজতন্ত্রী স্বৈরশাসক নিকোলাই সিউসেস্কুর।
গিয়েমানা গ্রামের আপুসেনি পর্বতমালার রোজিয়া পোয়েনির নিকটবর্তী কপার খনিটিতে রোমানিয়ার সবচেয়ে বেশি কপার মজুদ ছিলো। রাষ্ট্রের শিল্প উন্নয়নের জন্য নিকোলাই কপার খনিটি খোঁড়ার সিদ্ধান্ত নেন।
পরবর্তী এক বছরের মধ্যেই শুরু হলো খনি খোঁড়ার কাজ। গিয়েমানা থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হলো সব বাসিন্দাদের। ঘোষণা করা হলো ২০০০ ডলার করে প্রণোদনা। গিয়েমানাবাসীরা ভাবলেন উন্নয়নের জন্য গ্রাম ছাড়লে সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করবে। আর আধুনিক জীবনের স্বাদও পাবেন তারা।
কথা ছিলো গ্রামবাসীরা স্থানান্তরিত হবেন গিয়েমানা থেকে ৭ কিলোমিটার দূরের নতুন একটি গ্রামে। কিন্তু তারা স্থানান্তরিত হলেন ১০০ কিলোমিটার দূরে। পেলেন না সরকার প্রতিশ্রুত অর্থও। বৃথাই গেলো তাদের গ্রাম, প্রতিবেশি আর আবাদী জমি ছেড়ে যাওয়ার কষ্ট। মাঝখান থেকে বলি হয়ে গেলো গ্রামটি।
গিয়েমানা থেকে প্রায় ৪০০ পরিবারকে সরিয়ে নেয়া হয়েছিল। খনির দূষিত বর্জ্য নিষ্কাশনের জন্য খনন করা হয়েছিল একটি কৃত্তিম হ্রদ। কিন্তু কপার শিল্পের এই বর্জ্য নিয়ে সঠিক পরিকল্পনা আর ব্যবস্থাপনার অভাবে হ্রদটিই গ্রাস করে নিলো গ্রামটিকে।
সঠিক নিষ্কাশন ব্যবস্থার অভাবে খনিতে ব্যবহৃত অ্যসিড আর বিষাক্ত সায়ানাইডের প্রবাহ ধ্বংস করে দিলো গ্রামের সমস্ত সবুজ। এখন এই গ্রামে অবশিষ্ট আছে ভগ্নপ্রায় কয়েকটি বাড়ি আর একটি গির্জা। অধিকাংশ পরিবার গিয়েমানা ছেড়ে গেলেও কিছু পরিবার রয়ে গেছে এখানে। তারা একে মেনে নিয়েছে নিয়তির পরিহাস হিসেবে।
কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছিলো গিয়েমানা গ্রামের কবরগুলো স্থানান্তর করার। কিন্তু প্রতিশ্রুতি দিয়েও পূরণ করেননি তারা। ফলে বর্জ্য প্লাবনে হারিয়ে গেছে গিয়েমানাবাসীর মৃত স্বজনদের শেষ স্মৃতিও। এক সময়ের সমৃদ্ধ গ্রাম এখন পুরোদস্তুর শ্মশান।
দুঃখজনকভাবে আবারও ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে রোমানিয়ায়। এই ধরণের আরেকটি খনি প্রকল্প নিয়ে কাজ করছেন রোমানিয়ার সরকার। কিন্তু রোমানিয়ান জনগণ এই প্রকল্পের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। তারা বলছে, আরেকটি সামাজিক এবং পরিবেশগত বিপর্যয় না চাইলে এই প্রকল্প বন্ধ করতে হবে। কারণ রোমানিয়ান সরকার বারবার প্রমাণ করেছে তারা খনি ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশগত মান বজায় রাখতে অক্ষম। রোমানিয়ান জনগণ চায় না আর একটি গিয়েমানা ঘটুক।












