ঈদের ছুটিতে শিশুদের নিয়ে কোথায় যাবেন
চিড়িয়াখানা
ঈদের সময় ঢাকা চিড়িয়াখানা দর্শনার্থী কয়েকগুণ বেড়ে যায়। এবারও দর্শনার্থীর ঢল নামবে চিড়িয়াখানায়। চাইলে শিশুদের নিয়ে ঘুরে আসতে পারেন।
স্বাধীনতা জাদুঘর
ঈদের পরদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকছে জাদুঘর দুটি। আনন্দ ও দেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে আরও একটু ভালোভাবে পরিচিত হতে ঈদের ছুটিতে শিশুদের নিয়ে সময় কাটিয়ে আসতে পারেন এখানে।
লালবাগ কেল্লা
পুরান ঢাকার লালবাগে অবস্থিত এটি। মোগল আমলে স্থাপিত এই দুর্গটি একটি ঐতিহাসিক নিদর্শন। দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থলও এটি। পুরান ঢাকার ভিড় ঠেলে কেল্লার সদর দরজা দিয়ে ঢুকলেই চোখে পড়ে পরী বিবির মাজার। এখানে আছে দরবার হল, নবাবের হাম্মামখানা। আছে শাহী মসজিদ। রয়েছে একটি জাদুঘরও। সকাল ১০টাথেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে এটি।
বুড়িগঙ্গা ইকোপার্ক
শান বাঁধানো নদীর ঘাটে নৌকা বাঁধা দেখতে যেতে হবে বুড়িগঙ্গা ইকোপার্কে। মৃদুমন্দ হাওয়া খেতে চাইলে এখানে নৌকায় করে শিশুদের নিয়ে ঘুরতে পারেন। জায়গাটি গাছগাছালিতে ঢাকা। গাছের সারির ফাঁকে পাকা রাস্তা। শহরের কোলাহল ছেড়ে রাজধানীর উপকণ্ঠ শ্যামপুরে প্রায় সাত একর জায়গার ওপর গড়ে উঠেছে পার্কটি।
আহসান মঞ্জিল
নামে হয়তো আহসান মঞ্জিলকে অনেকেই জানেন। কিন্তু পুরান ঢাকার যানজটের কথা চিন্তা করে অনেকেই ওদিকে পা বাড়ান না। তবে এই ফাঁকা ঢাকায় একবার শিশুদের নিয়ে ঢু মারতে পারেন আহসান মঞ্জিলে। ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে মোগল আমলের ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। খোলা থাকে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
বাবুল্যান্ড
শিশুদের ইনডোর গেমিংয়ের অভিজ্ঞতা দিতে নারায়ণগঞ্জ, উত্তরা, বাড্ডা, ওয়ারী, শেওড়াপাড়া, মিরপুরসহ সর্বোমোট ১১টি শাখা আছে জনপ্রিয় শিশু বিনোদন কেন্দ্র বাবুল্যান্ডে। ঈদের দিন থেকে ঈদের ৪র্থ দিন পর্যন্ত ঈদ পাপেট শো, ড্যাশিং রোবট, বাডিস ঈদ ফান, ম্যাজিক্যাল ফেইরি টেইল, ঈদ ব্লাস্ট ইত্যাদি নানান মজাদার আয়োজনে চলবে সেখানে।
৪ দিনব্যাপী এই আয়োজন চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং ৪ ফুট ৩ ইঞ্চি উচ্চতার মধ্যে প্রত্যেক শিশু ৪০০ টাকার টিকেটে ২ ঘন্টা খেলাধুলার সুযোগ পাবে। অভিভাবকদের জন্য জনপ্রতি ১৫০ টাকায় টিকেট থাকবে। এছাড়া ৬-১২ মাস বয়সের শিশুদেরঈ ১৫০ টাকার টিকেটের বিনিময়ে ২ ঘণ্টা যাবত খেলাধুলা করার সুযোগ থাকবে।
বঙ্গবন্ধু সামরিক জাদুঘর
বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, ব্যবহৃত অস্ত্র ও তাদের সাফল্যের গল্পের নিদর্শনস্বরূপ ঢাকার বিজয়সরণীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারের ঠিক পাশেই ১০ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। ঈদের ছুটিতে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ইত্যাদি বেশ কয়েকটি গ্যালারিসহ পৃথক ছয়টি সেকশন খুব অল্প সময়েই ঘুরে দেখতে পারবেন মাত্র ১০০ টাকা মূল্যের টিকেটের বিনিময়ে।
যারা স্বল্প বাজেটে শিশুদের নিয়ে বেশ কয়েকটি জায়গা ঘুরে দেখতে ইচ্ছুক, তাদের জন্য সামরিক জাদুঘর মন্দ নয়। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে ঈদের দিন জাদুঘর বন্ধ থাকলেও পরদিন থেকে খোলা থাকবে।
টগি ফান ওয়ার্ল্ড
বড়দের গেমিং জোনের পাশাপাশি ছোটদের রাইড ও গেমিং অভিজ্ঞতার ব্যবস্থা নিয়ে টগি ফান ওয়ার্ল্ড গড়ে উঠেছে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটিতে।বিনোদনের অন্যতম জায়গা হিসেবে পরিচিত টগি ফান ওয়ার্ল্ড আপনার শিশুর বিনোদনের পাশাপাশি আপনাকেও বিরক্ত হতে দেবে না।
বসুন্ধরা সিটির ৮-১৮ তলাব্যাপী এই বিনোদন কেন্দ্র ১৫০ টাকার প্রবেশমূল্য ও বিভিন্ন মূল্যের রাইড প্যাকেজের মাধ্যমে আপনার শিশু ও আপনাকে মাতিয়ে রাখবে পুরো সময়জুড়ে। বিশেষ করে ভার্চুয়াল যে খেলাগুলো শিশুরা মোবাইল ফোন দিয়ে খেলে, সেগুলোই চোখে ডিভাইস লাগিয়ে বাস্তবে খেলা হয় এখানে যা শিশুদের জন্য বেশ আকর্ষণীয়।
বার্তা নিউজ/ এসএইচ














