সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমরা প্রণালীটি নিজেদের কাছে রাখব এবং সম্ভবত এটি পরিচালনাও করব। আমরা এই প্রণালীর রক্ষাকর্তা হয়ে উঠব। হয়তো আমরা একে প্রণালীটির 'গার্ডিয়ান অ্যাঞ্জেল' (অভিভাবক দেবদূত) বলে ডাকব। আর এর জন্য আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত।’
তিনি আরও বলেন, অন্য দেশগুলো খুবই ধনী এবং তারা যুক্তরাষ্ট্রের পক্ষে আছে। তবে যুক্তরাষ্ট্র যে সম্পূর্ণ বিনামূল্যে এই পাহারার কাজটি করবে, এমনটা আশা করা উচিত নয়। এর জন্য তাদের অনেক টাকা পারিশ্রমিক দিতে হবে।
হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন যে, ইরান একটি চূড়ান্ত চুক্তি ভঙ্গ করেছে। ট্রাম্প বলেন, ‘তারা সবসময়ই চুক্তি ভঙ্গ করে। এই লোকগুলোর সাথে আমাদের এ পর্যন্ত ১০টি চুক্তি হয়েছে, তাই আমরা তাদের ওপর খুব কঠোর আঘাত হানতে যাচ্ছি।’
বর্তমানে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ মার্কিন-ইরান সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। গত শনিবার অনুমোদনহীন নৌযান যাতায়াতের অভিযোগ তুলে জলপথটি বন্ধের ঘোষণা দেয় তেহরান। রবিবার তারা জানায়, পরিস্থিতি স্থিতিশীল ও শান্ত হলে পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হবে। প্রণালীটিতে ইরানের এই কার্যকর অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতির উদ্বেগও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এদিকে, গত সপ্তাহান্ত থেকে সোমবার পর্যন্ত মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে ভারী ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তেহরান জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) এক কড়া বিবৃতিতে জানিয়েছে, প্রণালীটি দিয়ে নিয়মিত নৌচলাচল পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো এই জলপথে মার্কিন সামরিক হস্তক্ষেপ পুরোপুরি বন্ধ করা। তারা সতর্ক করে বলেছে, অব্যাহত মার্কিন হস্তক্ষেপ বৈশ্বিক তেল ও গ্যাস খাতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে।
সাম্প্রতিক এই সংঘাত গত সপ্তাহের তুলনায় হামলার মাত্রা ও ভৌগোলিক বিস্তার-উভয় দিক থেকেই তীব্র বৃদ্ধির ইঙ্গিত দেয়। গত মাসে প্রণালীটি পুনরায় খুলে দেওয়া এবং আরও ৬০ দিন আলোচনা চালিয়ে যাওয়ার শর্তে উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে বর্তমান এই পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার ফলে ওই চুক্তির ভবিষ্যৎ এখন গভীর সংশয়ের মুখে পড়েছে।
সূত্র: রয়টার্স
বার্তা নিউজ/এমএনকে












