প্রায় দেড় মাস পর কয়েক দিন আগে বল হাতে অনুশীলনে ফিরেছেন নাহিদ। আপাতত ছোট রান-আপে বোলিং করছেন তিনি। পুরোপুরি ছন্দে ফেরার আগে তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। তাই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে নাহিদের থাকার সম্ভাবনা নেই।
আসন্ন ম্যাচটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হওয়ায় নাহিদকে বিশ্রামে রাখার পক্ষেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ত্রিদেশীয় সিরিজেও তার ম্যাচসংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। মূলত ওয়ার্কলোড বিবেচনায় ধাপে ধাপে তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো হবে।
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নাহিদের পাশাপাশি শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা কম।
অন্যদিকে, বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকা দুই পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ টেস্ট দলে থাকতে পারেন। একই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ পেতে পারেন তরুণ পেসার মুশফিক হাসান।
বার্তা নিউজ/ আরএফই












