সোমবার (২৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে এনসিপি আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির পদযাত্রা ও পথসভায় তিনি এসব কথা বলেন।
বিগত নির্বাচনগুলোর কড়া সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘২০১৪ সালে বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালে রাতের বেলায় ভোট এবং ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। সর্বশেষ ২০২৬ সালের নির্বাচনেও চুরি হয়েছে, তবে সেটি হয়েছে ভোটগ্রহণের পর। অন্য সরকারগুলো ভোট চুরি করত, আর বিএনপি সরকার ফলাফল চুরি করেছে।’
দেশের বিভিন্ন খাতে দলীয়করণের অভিযোগ তুলে তিনি আরও বলেন, ব্যাংক, বিশ্ববিদ্যালয় এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতেও বিএনপি নিজেদের লোক বসাচ্ছে। গত দুদিন আগেও ১২টি প্রতিষ্ঠানে তাদের নেতাকর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। 'সবার আগে বাংলাদেশ' এই স্লোগান বিএনপি বাস্তবে ধারণ করে না, তারা কেবল দলীয়করণে বিশ্বাস করে। আওয়ামী লীগের মতো বিএনপিও এখন থেকেই ভোট কারচুপির নীল নকশা তৈরি করছে।
প্রশাসনে দুর্নীতির অভিযোগ তুলে এই সংসদ সদস্য বলেন, নির্বাচনে জনগণ যাদের লাল কার্ড দেখিয়ে প্রত্যাখ্যান করেছে, বিএনপি ক্ষমতায় এসে তাদেরকেই বিভিন্ন জায়গায় প্রশাসক বসাচ্ছে। এসব প্রশাসক দলীয় পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসা, টেন্ডারবাজি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছেন।
পথসভায় এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানে লাখো-কোটি জনতা অংশ নিয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, অনেকে চোখ হারিয়েছেন, কেউ পঙ্গু হয়েছেন। অসংখ্য মানুষের আত্মত্যাগে পাওয়া এই নতুন বাংলাদেশের প্রতীক হলো '৩৬ জুলাই স্তম্ভ'।’
তিনি আরও বলেন, ‘এই স্তম্ভের গায়ে লেখা উক্তিগুলোই আওয়ামী লীগের সিংহাসন পুড়িয়ে দিয়েছিল। তাই এই স্তম্ভের কোনো জীবন না থাকলেও, এটি দেখলে আওয়ামী লীগের মাথা গরম হয়ে যায় এবং তারা বিভিন্ন জায়গায় এতে আগুন ধরিয়ে দেয়।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ ও নুসরাত তাবাসসুম; যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক ও মোল্লা ফারুক এহসান; নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু; চুয়াডাঙ্গা এনসিপির আহ্বায়ক খাজা আমিরুল বাশার বিপ্লব এবং সদস্য সচিব আলমগীর হোসেন প্রমুখ।
এ ছাড়া, এই পথসভা থেকেই আসন্ন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে খাজা আমিরুল বাশার বিপ্লবকে এনসিপির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে জনগণের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।
বার্তা নিউজ/এমএনকে








.webp)




