বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, কাজের ইচ্ছা এবং প্রস্তুতি থাকা সত্ত্বেও যারা সাত দিনে এক ঘণ্টাও কোন কাজ করেননি তারাই বেকার। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে এভাবে জীবন ধারণ অসম্ভব। এই জটিল হিসেবে দেশে বেকার সংখ্যা প্রায় ২৭ লাখ। তাই চাকরির হাহাকার শুধুই পরিসংখ্যান নয়, একটি প্রজন্মের দৈনন্দিন বাস্তবতা।
উদ্যোক্তারা জানান, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। শিক্ষিত যুবকদের মধ্যেও আছে দক্ষতার অভাব।
বিআইডিএস'র গবেষণা পরিচালক ড. এস এম জুলফিকার আলী বলেন, শিক্ষা ব্যবস্থা কর্মমূখী না হওয়া এবং রাজনৈতিক পটপরিবর্তনের কারণে শিল্পখাতে বড় আঘাত এসেছে। যাকে বেকারত্ব বাড়ার অন্যতম কারণ হিসেবে মনে করেন এ গবষেক।
সিপিডি'র গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তা সংকট এবং দেশি-বিদেশি বিনিয়োগ কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমে গেছে। এ সমস্যা সমাধানে দ্রুতই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছেন তিনি।
বার্তা নিউজ/এএমটি














