অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক হতে পারে বা হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত রোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে, যেখানে বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। ডেনমার্কের স্ট্যাটেনস সিরাম ইনস্টিটিউটের চিফ ফিজিশিয়ান এবং ইউরোমোমো-র আয়োজক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে জানিয়েছেন যে, বছরের এই সময়ে এত বিপুল সংখ্যক মৃত্যু অত্যন্ত অস্বাভাবিক।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সাহায্যপুষ্ট নেটওয়ার্ক 'ইউরোমোমো' (EuroMOMO)-র প্রকাশিত তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ, অর্থাৎ ৯,০০০-এর বেশি মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি।
বিজ্ঞানীরা জানিয়েছেন যে, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের তাপপ্রবাহগুলো এখন আরও ঘনঘন ও তীব্রতর হচ্ছে। ২৭টি ইউরোপীয় দেশের জাতীয় মৃত্যুহারের পরিসংখ্যান থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২২ থেকে ২৮ জুনের সপ্তাহে, যখন ফ্রান্স, স্পেন, ব্রিটেনসহ অন্যান্য দেশে তাপপ্রবাহ চরম আকার ধারণ করেছিল, তখন মোট ১০,৬৫০টি অতিরিক্ত মৃত্যু রেকর্ড করা হয়েছে।
জুনের শেষের দিকের এই চরম তাপপ্রবাহ ফ্রান্স, স্পেন এবং যুক্তরাজ্যে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত করেছে, স্কুল বন্ধ করতে বাধ্য করেছে এবং তাপমাত্রার পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ‘ইউরোমোমো’ নির্দিষ্ট কোনো দেশের মৃত্যুর পরিসংখ্যান আলাদা করে প্রকাশ না করলেও, তারা উল্লেখ করেছে যে জুনের শেষ সপ্তাহে শুধুমাত্র ফ্রান্স এবং বেলজিয়ামেই খুব বেশি মাত্রায় অতিরিক্ত মৃত্যু দেখা গেছে। বেলজিয়ামের জনস্বাস্থ্য ইনস্টিটিউট সিয়েনসানোর মতে, ২০০০ সালের পর থেকে রেকর্ড অনুযায়ী যেকোনো তাপপ্রবাহের তুলনায় বেলজিয়ামে এবারের মৃত্যুহার ছিল সর্বোচ্চ।
সূত্র: রয়টার্স
বার্তা নিউজ/ এসভিএন












